রাবিতে জিপিএ-৫ ছাড়া ‘এ’ ও ‘সি’ ইউনিটে আবেদনের সুযোগ পাচ্ছে না বিজ্ঞানের শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে। তবে এ (মানবিক) ও সি (বিজ্ঞান) ইউনিটে জিপিএ-৫ ছাড়া চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছে না বিজ্ঞান শাখা থেকে পাশ করা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
সেন্টারের পরিচালক ড. বিমল কুমার প্রামানিক বলেন, প্রাথমিক পর্যায়ে আবেদনকৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজ আইডি দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এছাড়া চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত ভর্তিচ্ছুরা ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। সেজন্য অনলাইনে ‘বি’ ইউনিটে ১ হাজার ১’শ টাকা এবং ‘এ’ ও ‘সি’ ইউনিটে ১ হাজার ৩২০ টাকা পরিশোধ করতে হবে। চূড়ান্ত আবেদন ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।
প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তিন (এ,বি,সি) ইউনিটে প্রাথমিক আবেদন পড়ে ৪ লাখ ১ হাজার ৪১৪টি। এতে যাচাই-বাচাই শেষে চূড়ান্ত আবেদনের জন্য কোটাসহ মনোনীত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১৫১ জন ভর্তিচ্ছু। তবে ‘এ’ (মানবিক) ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়ে পাশ করা শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছে। তবে ‘এ’ ইউনিটে মানবিক শাখা থেকে সর্বনিম্ন জিপিএ-৪.৫৮ পেয়ে আবেদন করা ভর্তিচ্ছুরা চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এছাড়া বি (ব্যবসা) ইউনিটে সকল আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হয়েছে।
উল্লেখ্য, এ বছর ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২৯-৩১ মে অনুষ্ঠিত হবে। তিন ইউনিটে এক ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা চলবে চার শিফটে। ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান ১০০। প্রতি ৪ ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে।






Visit Today : 250
Visit Yesterday : 598
This Month : 3206
Hits Today : 641
Total Hits : 3045776


