চবি ভর্তিতে শুরু থেকে শেষ পর্যন্ত জটিলতাঃপরীক্ষা না দিয়েই উত্তীর্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডি-১ উপ ইউনিটের ভর্তি পরীক্ষা না দিয়েও প্রকাশিত ফলাফলে ওই শিক্ষার্থীর নাম চলে এসেছে। এই নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, এক পরীক্ষার্থীর ভুল থেকে এমনটা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বিকেলে ডি-১ উপ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৬ নভেম্বর রাতে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। যেখানে ৪৯২৫৬১ ক্রমিকটি উত্তীর্ণদের তালিকায় আছে। তবে এই ক্রমিক নম্বরধারী পরীক্ষার্থী আফসারা তাসনিয়া ওই পরীক্ষায় অংশই নেননি।
গত বুধবার (১৭ নভেম্বর) ডি-১ উপ ইউনিটের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে একটি খুদেবার্তা পাঠানো হলে বিষয়টি ওই পরীক্ষার্থীর দৃষ্টিগোচরে আসে। মেরিট লিস্টে নাম আসা ওই শিক্ষার্থী বাংলায় পেয়েছেন ১৪.৭৫, ইংরেজিতে ৪.৭৫ ও সাধারণ জ্ঞানে পেয়েছেন ১৬.৭৫। জিপিএ নম্বরসহ তার সর্বমোট প্রাপ্ত নম্বর দেখানো হয় ৫৫.৪৭।
এ বিষয়ে আফসারা তাসনিয়া বলেন, ‘আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এ, ডি ও ডি-১ ইউনিটের পরীক্ষার জন্য আবেদন করি। তবে এ ও ডি ইউনিটের পরীক্ষা দিলেও এক দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় ডি-১ উপ ইউনিটের পরীক্ষা দেইনি। কিন্তু গত বুধবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক খুদেবার্তায় জানানো হয় আমি ২০ ও ২১ নভেম্বরের ডি-১ উপ ইউনিটের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য যোগ্য। পরবর্তী সময়ে আমি মেরিট লিস্ট চেক করে দেখি আমার রোল মেরিট লিস্টে আছে।’
এ বিষয়ে জানতে চাইলে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে ইউনিট প্রধানেরা যে রেজাল্ট তৈরি করে পাঠান, আমরা সেটা শুধু প্রকাশ করি।’
এ বিষয়ে জানতে ডি-১ উপ ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী সময় নিউজকে বলেন, এটা ঠিক আছে ওই শিক্ষার্থী পরীক্ষা দেয়নি। তবে আরেক ছাত্র যার রোল নম্বর ‘৪৯২৫৬২’ এর স্থলে ‘৪৯২৫৬১’ লিখেছেন। এ জন্য এমনটা হয়েছে। প্রশ্নবিদ্ধ জায়গাটি তারপরেও থেকে যায় এটাই যে, পরীক্ষার হলে উপস্থিত হল পরিদর্শক কি আদৌ তার কর্তব্যে অটুট ছিলেন? কারণ প্রতিটি শিক্ষার্থীর খাতায় অবশ্যই কর্তব্যরত শিক্ষকের স্বাক্ষর করতে হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু একজন ভুল করেছেন এবং ওই ছাত্রী ভাইভায় অংশ নেননি তাই তাদের কাউকে ভর্তি নেওয়া হবে না।





Visit Today : 593
Visit Yesterday : 262
This Month : 2951
Hits Today : 2168
Total Hits : 3045060

