আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটিতে বাংলাদেশি অধ্যাপক বি এম মইনুল হোসেন
আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন অধ্যাপক বি এম মইনুল হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক। বিশ্বের নেতৃস্থানীয় এআই গবেষক ও অনুশীলনকারীদের নিয়ে গঠিত এ কমিটি আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের তত্ত্বাবধান করবে। একজন চেয়ার, একজন সচিব ও একজন সদস্যের সঙ্গে কমিটিতে রয়েছে উপদেষ্টা বোর্ড। এ কমিটি ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
এ বছর আগস্ট মাসে বুলগেরিয়ার বুরগাসে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড। সামনের বছরগুলোয় এই আন্তর্জাতিক অলিম্পিয়াড তত্ত্বাবধানের পাশাপাশি বাংলাদেশ পর্বের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন অধ্যাপক বি এম মইনুল হোসেন।
বর্তমানে প্রযুক্তি জগতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে অনুপ্রাণিত করার পাশাপাশি এআইয়ের প্রতি জোর দিচ্ছে এ অলিম্পিয়াড। তথ্যপ্রযুক্তিতে দক্ষ শিক্ষার্থী গড়ে তোলার মঞ্চ হিসেবে কাজ করছে এটি।
এই অলিম্পিয়াডে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় প্রতিযোগিতা আয়োজিত হয়। সেখানে নির্বাচিত প্রতিযোগিদের প্রশিক্ষণ ও বাছাইয়ের মাধ্যমে গঠন করা হয় আন্তর্জাতিক দল। এই দলটিই নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশে এ আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।
২০২৪ সালে আয়োজিত প্রথম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বিশ্বের মোট ৩২ টি দেশ অংশ নেয়। বাংলাদেশ এতে ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জপদক অর্জন করে। আশা করা হচ্ছে, আগামী বছরের অলিম্পিয়াডে ৬০টির বেশি দেশ অংশ নেবে। এ অলিম্পিয়াড আয়োজিত হবে চীনের বেইজিংয়ে।






Visit Today : 168
Visit Yesterday : 2096
This Month : 2264
Hits Today : 1293
Total Hits : 3042355


