শিক্ষককে শিক্ষক নয়, হতে হবে মেন্টর
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মেন্টরের ভূমিকা রাখতে পারলে শিক্ষার্থীরা সঠিক পথে চলবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
তিনি বলেন, বাইরের দেশের শিক্ষকরা বলেন—বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। যথাযথ দিকনির্দেশনা পেলে তারা অনেক ভালো করবে। কাজেই শিক্ষকদের মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। শিক্ষকরাই পারেন শিক্ষার্থীদের সঠিকপথে পরিচালনা করতে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইউজিসি অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মুহাম্মদ আলমগীর বলেন, চতুর্থ শিল্পবিপ্লব ও মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও শিক্ষাদান পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। এজন্য দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বেড়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এ লক্ষ্যে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠায় ইউজিসি উদ্যোগ গ্রহণ করেছে।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার ড. মোখলেছুর রহমান।
এসময় ড. মোখলেছুর রহমান বলেন, বাংলাদেশে ইন্টারঅ্যাকটিভ ক্লাসরুম কার্যক্রম ও শ্রেণিকক্ষে শিক্ষার্থী মূল্যায়নে সীমাবদ্ধতা রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাদান ও প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। জাতি গঠনে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০ জন নবীন শিক্ষক ম্যাসবাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের অর্থায়ন ও সহযোগিতা করেছে ইউজিসি।







Visit Today : 55
Visit Yesterday : 2096
This Month : 2151
Hits Today : 260
Total Hits : 3041322

