এ বছর যে পাঠ্যসূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে, আগামী বছরও সেই পাঠ্যসূচিতে এইচএসসি পরীক্ষা হবেঃ শিক্ষামন্ত্রী
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা পরিমার্জিত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় আগামী বছর (২০২৪ সালে) এইচএসসি ও সমমানের পরীক্ষাও সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় শিক্ষার বিভিন্ন দফতরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী জানান, এ বছর যে পাঠ্যসূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে, আগামী বছরও সেই পাঠ্যসূচিতে এইচএসসি পরীক্ষা হবে। তবে আগামী বছরের এসএসসি পরীক্ষা স্বাভাবিক পাঠ্যসূচিতে হবে।
আগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা দেয়ার নির্দিষ্ট কোনো বয়সসীমা ছিল না; কিন্তু আজকের (মঙ্গলবার) সভায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা দেয়ার সর্বোচ্চ বয়স ২৫ বছর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর অন্যদের পরীক্ষা দেয়ার সর্বোচ্চ বয়স ২০ বছরই রাখা হয়েছে।
এদিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগেই বাতিল হওয়ায় একই ধরনের পাঠ্যসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সনদ দেয়া হবে। শিক্ষা বোর্ড থেকে এসব পরীক্ষার আর কোনো সনদ দেয়া হবে না। তবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রম আগের মতোই থাকবে।






Visit Today : 6
Visit Yesterday : 490
This Month : 12941
Hits Today : 96
Total Hits : 3081753

