ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ ট্রেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এ বছরও বিভাগীয় শহরগুলোতে হচ্ছে। আগামী শনিবার (৬ এপ্রিল) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হবে। এই তিন দিন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার।
শাটলের সূচি
৬, ১২ ও ১৩ মে ভর্তি পরীক্ষা উপলক্ষে নগরের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দিনে চারবার শাটল ট্রেন আসা–যাওয়া করবে। বটতলী থেকে প্রতি পরীক্ষার দিনে সকাল ৭টা ৫০ মিনিট, সকাল পৌনে ৯টা, বেলা সাড়ে ৩টা ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বেলা দেড়টা, বেলা সোয়া দুইটা, বিকেল পৌনে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরের বটতলী স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
কোন ইউনিটের কতজন পরীক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তিনটি ইউনিটে এবার ২৫ হাজার ১৫৫ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন। এর মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দেবেন ৯ হাজার ৮৩৩ জন, বিজ্ঞান ইউনিটে ১০ হাজার ২৭ জন আর ব্যবসায় শিক্ষা ইউনিটে পরীক্ষা দেবেন ৫ হাজার ২৯৫ জন। তবে এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদে পরীক্ষা দেবেন, তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রক্টর নূরুল আজিম সিকদার।
যা ব্যবস্থা থাকছে
পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য অস্থায়ীভাবে ২০টি শৌচাগার বসানো হয়েছে। অভিভাবকেরা ছাত্রীদের আবাসিক হলে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের যেসব জায়গা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, সেসব জায়গায় না যাওয়ার অনুরোধ জানিয়েছেন প্রক্টর নূরুল আজিম সিকদার। তিনি বলেন, টেলিটক পাহাড়, গিরিপথ, ঝর্ণাসহ যেসব জায়গায় ও পাহাড়ে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে, সেসব জায়গায় শিক্ষার্থীদের না যাওয়ার অনুরোধ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর হাছান মুহাম্মদ রোমান, অরূপ বড়ুয়া, আহসানুল কবীর, সৌরভ সাহা প্রমুখ।






Visit Today : 511
Visit Yesterday : 598
This Month : 3467
Hits Today : 1279
Total Hits : 3046414

