আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত মোজাহিদ
কিশোরগঞ্জের সন্তান মোজাহিদুল ইসলাম শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত হয়েছেন।
নেদারল্যান্ডসের কিডস রাইটস ফাউন্ডেশন তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে।
মোজাহিদুল ইসলামের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামে।
কিশোরগঞ্জের মোজাহিদুল ইসলামের বিষয়ে কিডস রাইটসের ওয়েবসাইটে বলা হয়, মোজাহিদ একজন তরুণ চেঞ্জমেকার। শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করেন। সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শিক্ষার সুযোগ করে দেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে হাওরের শিশুদের সচেতন করার স্বীকৃতিস্বরূপ তাকে মনোনীত করা হয়।
জানা গেছে, ২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে কিডস রাইটস ফাউন্ডেশন। শিশুদের অধিকার, নিরাপত্তা ও জীবন মান উন্নয়নে অসাধারণ অবদানের জন্য প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। আগামী ১৪ নভেম্বর নেদারল্যান্ডসে পুরস্কারটির চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশে প্রথমবারের মতো ২০২০ সালে এই পুরস্কারটি জিতেছিলেন সাদাত রহমান। পুরস্কারটির মোট অর্থমূল্য এক লাখ ইউরো। এটিকে শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়।






Visit Today : 69
Visit Yesterday : 262
This Month : 2427
Hits Today : 436
Total Hits : 3043328


