২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাবি ভর্তি পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি ২০২৪ থেকে
- শিক্ষাঙ্গন
Eadmin
- December 5, 2023
- 0
- 597
- 2 minutes read
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। আর ১৫ ডিসেম্বরের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেবে বুয়েট। এর পর ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঠিক হবে। আর মার্চে হতে পারে গুচ্ছপদ্ধতির ভর্তি পরীক্ষা।
গেল ২৬ নভেম্বর এইচএসসি পরীক্ষার ফল বেরিয়েছে। পাস করেছে ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ শিক্ষার্থী, জিপিএ-ফাইভ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে, এবারও ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। মার্চে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, আগামী বছরের জুলাই-আগস্টের দিকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে।
এবারও ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আলাদা ভর্তি পরীক্ষা নেবে। এর মধ্যে বুয়েটের পরীক্ষার বিষয়ে এ মাসেই বসছে বৈঠক।
বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। সঠিক সময়ে তা জানিয়ে দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে ২৩ ফেব্রুয়ারি, বাণিজ্য ২৪ ফেব্রুয়ারি, বিজ্ঞান ১ মার্চ এবং ৯ মার্চ চারুকলা অনুষদে। ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
তবে এবার উচ্চশিক্ষায় আসনের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছে ইউজিসি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল জানান, আগের পদ্ধতিতেই অর্থাৎ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে ডিসেন্ট্রালাইজেশন করা হয়েছে সে অনুযায়ীই পরীক্ষা নেওয়া হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ
সভায় ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ০১ মার্চ ২০২৪ শুক্রবার, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারী ২০২৪ শনিবার এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ০৯ মার্চ ২০২৪ শনিবার অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
মানবণ্টন
চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। শুধুমাত্র চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। চারুকলা ইউনিটের গঈছ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নম্বর।
আবেদনের যোগ্যতা
ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৮ থেকে ২০২১ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৩ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।







Visit Today : 373
Visit Yesterday : 598
This Month : 3329
Hits Today : 979
Total Hits : 3046114

