১৫ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় রাবি ভর্তিযুদ্ধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষায় র্যাব-পুলিশসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
তিনি বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ১৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য সর্বদা কাজ করবে তারা। আশা করি সবার সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে।
এসময় আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ৯টি ওয়াটারপ্রুফ টেন্ট স্থাপন করা হবে। প্রতিটি টেন্টে অভিভাবকদের বসার জন্য ২০০ করে চেয়ার থাকবে ও ১২ স্থানে ওয়াশরুমের ব্যবস্থা থাকছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপিত ৯টি হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রদান করবে। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের প্রচারণামূলক লিফলেট বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। নারী অভিভাবকদের অবস্থানের জন্য ছাত্রী জিমনেশিয়ামে সীমিত ব্যবস্থা করা হয়েছে।
ভর্তি পরীক্ষা চলাকালে রাবি চিকিৎসা কেন্দ্র পরিচালিত একটি মেডিকেল টিম কাজ করবে। সার্বক্ষণিকভাবে চারটি অ্যাম্বুলেন্স থাকবে। এছাড়াও কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দুই সদস্যের একটি মেডিকেল টিম এবং দুটি অ্যাম্বুলেন্স চিকিৎসা সহায়তা প্রদান করবে। পরীক্ষা চলাকালীন অভিভাবকদের অপেক্ষার জন্য শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বসার ব্যবস্থা রাখা হয়েছে।
সম্মেলনে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের নির্দেশনার বিষয়ে জানানো হয়েছে, প্রতিদিন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষের প্রবেশগেট খুলে দেওয়া হবে। পরীক্ষা চলাকালে কোনো ভর্তিচ্ছু পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না। হলে মোবাইল ফোন ও ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।






Visit Today : 291
Visit Yesterday : 262
This Month : 2649
Hits Today : 1586
Total Hits : 3044478

