স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ থাকবে ৩১ আগস্ট পর্যন্ত
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও এক দফা বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ দফায় আরও এক মাস বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। ফলে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠন এবং ইবতেদায়ি ও কওমি মাদরাসাগুলো আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
বার্তায় বলা হয়েছে, সারাদেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এবং কঠোর বিধিনিষেধ কার্যকর থাকায় শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদরাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো।
এ পর্যায়ে প্রথমে ২৯ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। পরে সে ছুটি বাড়ানো হয় ১২ জুন পর্যন্ত। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এরপর এক দফায় ৩০ জুন ও পরবর্তী সময়ে সেই ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। আরও এক মাস বাড়িয়ে সেটি ৩১ আগস্ট পর্যন্ত গিয়ে গড়িয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এরই মধ্যে একে একে গত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইচএসসি, দাখিল ও সমমান পরীক্ষাও বাতিল করা হয়। সবশেষ প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণির বার্ষিক পরীক্ষাও নেওয়া হয়নি।
অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কেবল বিভাগভিত্তিক নৈর্বাচনিক তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে শিক্ষার্থীদের। চতুর্থ বিষয় কিংবা বাংলা-ইংরেজিসহ আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে না।







Visit Today : 14
Visit Yesterday : 2096
This Month : 2110
Hits Today : 64
Total Hits : 3041126

