‘শিক্ষার কোনো বয়স নাই’~কথাটির উজ্জ্বল উদাহরণ ৬৯ বছর বয়সের আবুল কালাম আজাদ
এইচএসসি পাস করেছেন ৬৯ বছর বয়সী আবুল কালাম আজাদ ওরফে কবি কালাম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন তিনি। 
শেরপুরের শ্রীবরদী উপজেলার কেকেরচর ইউনিয়নের পশ্চিম লঙ্গরপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালামের জন্ম ১৯৫৫ সালের ১ মার্চ। পারিবারিক অসচ্ছলতার কারণে দশম শ্রেণির পর আর পড়ালেখা করতে পারেননি। কিন্তু তাঁর মনোবল ছিল শক্ত। সংকল্প করেন, বয়স যতই হোক এক দিন উচ্চশিক্ষা গ্রহণ করবেনই। এ লক্ষ্যে ২০২০ সালে চন্দ্রাবাজ রশিদা বেগম কলেজে বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি হন। তার পর নিরলসভাবে পড়াশোনা শুরু করেন। সাফল্য পান ২০২২ সালের এসএসসি পরীক্ষায়। এসএসসি পাস করার পর তিনি আরও উজ্জীবিত হন। ভতি হন একই কেন্দ্রে এইচএসসি প্রোগ্রামে। বৃদ্ধ বয়সে ফের রাত জেগে পড়াশোনার লড়াই শুরু হয় তাঁর। এবারও সাফল্য পেলেন। এখানেই থামছেন না কবি কালাম। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এবার স্নাতক ডিগ্রির জন্য পড়াশোনা শুরু করবেন।
কথা হয় প্রবীণ এ স্বপ্নবাজ লেখকের সঙ্গে। তাঁর ভাষ্য– পারিবারিক কারণে পড়াশোনা করতে না পেরে ভীষণ আফসোস হতো। যখন কেউ এসএসসি-এইচএসসি পরীক্ষা দিতে যেত, তখন খুব খারাপ লাগত তাঁর। তিনি বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেছি। এতে আমি দমে যাইনি। আল্লাহ রহমত করলে স্নাতক ডিগ্রিও অর্জন করব।’
কবি কালাম বলেন, ‘পড়াশোনার প্রতি আমার ভালোবাসা ছিল সেই ছোটবেলা থেকে। দশম শ্রেণিতে পড়াশোনা থেমে গেলেও প্রতিদিন পত্র-পত্রিকা পড়তাম, কবিতা, গল্প পড়তাম। বিভিন্ন লেখকের বই পড়তাম।’ এভাবেই ৫০ বছর ধরে পড়াশোনা চালিয়েছেন তিনি। এর মধ্যে কবিতা, ছোটগল্প, উপন্যাস ও গান লিখেছেন তিনি। সেই পাণ্ডুলিপি সযত্নে সংরক্ষণ করেছেন।
তিনি জানান, শিক্ষার কোনো বয়স নেই। পড়াশোনা করলে মন বড় হয়। মানুষকে চেনা যায়। কুসংস্কার থেকে মুক্তি পাওয়া যায়।
কেকেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুলাল মিয়া বলেন, আবুল কালাম সাদা মনের মানুষ। বৃদ্ধ বয়সে লেখাপড়ার প্রতি তাঁর যে আগ্রহ, তা দেখে খুব ভালো লাগে। তিনি এলাকার গর্ব।
বাউবির জামালপুরের উপপরিচালক হাবিবুর রহমান বলেন, বাউবি মানুষকে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। যে কোনো বয়সের মানুষ এখানে পড়ে তাঁর স্বপ্ন পূরণ করতে পারেন। কবি কালামকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তিনি যতদিন বাউবির সঙ্গে যুক্ত থাকতে চান, ততদিন আমরা তাঁকে সহায়তা করব।’






Visit Today : 138
Visit Yesterday : 262
This Month : 2496
Hits Today : 878
Total Hits : 3043770


