রাবির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তবে আলাদা ইউনিট করা হবে নাকি গতবছরের মতো পরীক্ষা নেয়া হবে সেটি সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিশেষ এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০২০ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক (ইউনিট-A), বাণিজ্য (ইউনিট-B), বিজ্ঞান (ইউনিট-C) ৩টি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে।
আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানান তিনি।
আবেদনের যোগ্যতা
২০২০ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ-৫ স্কেলে নির্ধারিত হবে।
তবে সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না। কেবল বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে, তবে তাদের মার্কশিট/সার্টিফিকেট থাকতে হবে।
মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।
এছাড়া সকল ইউনিটের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড থাকতে হবে।
২০২০-২১ সালে প্রকাশিত ভর্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিট প্রতি ৪৫ হাজার করে মোট তিনটি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ১ লক্ষ ৩৫ হাজার শিক্ষার্থী। যেখানে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা মোট ১ লক্ষ ৬১ হাজার ৮০৭ জন। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নীতিমালা অনুযায়ী এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা হারায় জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থী। তবে বিভাগ পরিবর্তন ইউনিট রাখার ফলে ভাগ্য ফিরতে পারে জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীর।
প্রসঙ্গত, ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন ৭ মার্চ দুপুর ১২টা থেকে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত গ্রহণ করা হবে। প্রাথমিক আবেদন বাছাই শেষে ২৩ মার্চ বেলা ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে। প্রাথমিক আবেদনের ফি ৫৫ টাকা (মোবাইল ফোন অপারেটরের ১০% সার্ভিস চার্জসহ)। চূড়ান্ত আবেদনের ফি ১,১০০ টাকা (মোবাইল ফোন অপারেটরের ১০% সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে।
বহুনির্বাচনি প্রশ্নের আলোকে ৩টি (A,B C) ইউনিটে প্রতিদিন তিনটি করে শিফটে বিভক্ত হয়ে পরীক্ষা দিতে পারবে ১৫ হাজার শিক্ষার্থী। ১ ঘন্টা মেয়াদে ১০০ নম্বরের এই ভর্তি পরীক্ষায় প্রশ্ন সংখ্যা ৮০ টি। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতি ৫ টা ভূল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাশ নম্বর ৪০।






Visit Today : 153
Visit Yesterday : 2096
This Month : 2249
Hits Today : 1171
Total Hits : 3042233

