রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রদীপ্ত-৫৫ ব্যাচের ব্যানারে মঙ্গলবার (১১ এপ্রিল) টুকিটাকি চত্বরে কোরআন বিতরণ করা হয়।
অনলাইন কেন্দ্রিক এ উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোয়েব উল হাসান।
এ বিষয়ে সোয়েব উল হাসান বলেন, গত বছর অন্য একটি বিভাগের কিছু বন্ধু-ভাইয়েরা মিলে ক্যাম্পাসে কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছিলেন। তা দেখে বেশ ভালো লেগেছিল। সেখান থেকেই কিছুটা অনুপ্রেরণা পেয়েছিলাম।
কোরআন কেনার ফান্ডিংয়ের বিষয়ে সোয়েব আরও বলেন, রোজার মধ্যেই একদিন হঠাৎ মনে হলো, অনলাইন ভিত্তিক ফান্ড সংগ্রহ করা যায়। ক্যাম্পাসে শুরুর দিকে আগে টুকটাক ভিডিও বানাতাম, একটা অভিজ্ঞতা ছিল। তো সেই অভিজ্ঞতা থেকে ভাবলাম, ফিজিক্যালি ডোনেশন না নিয়ে নিজেই ক্যামেরার সামনে এসে কিছু বলে টাকা সংগ্রহ করি। আমার কাছের কিছু বন্ধু সহায়তা করেছে। ডোনেশন যে এত বেশি আসবে, তা ধারণাতেও ছিল না।
শতাধিক শিক্ষার্থীকে কোরআন বিতরণ করা হয় জানিয়ে সোয়েব বলেন, যারা আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকেই কোরআন দেওয়া হয়েছে। তবে ঈদের জন্য বাড়ি চলে যাওয়ায় কেউ কেউ নিতে পারেননি। তাদেরও আমরা ঈদের পর দিয়ে দেবো।
শুধু মুসলিম নয়, অমুসলিম শিক্ষার্থীদের মধ্যেও এই কার্যক্রমটি সাড়া ফেলেছে জানিয়ে তিনি বলেন, আমাদের এ কার্যক্রমের আরেকটা বিষয় ছিল অমুসলিম শিক্ষার্থীদের জন্যও কোরআন উপহার দেওয়া। এটার কারণ হচ্ছে, জ্ঞানের এ যুগে আমরা সবাই অজানাকে জানতে চাই। অন্য ধর্মের প্রতি কৌতূহল থাকে অনেক শিক্ষার্থীরই। আর বিশ্ববিদ্যালয়ে সেটা আরো বেশি। তাই ভাবলাম, অমুসলিম ভাই-বোনদেরও কোরআন উপহার দেওয়া যায়।






Visit Today : 451
Visit Yesterday : 262
This Month : 2809
Hits Today : 1926
Total Hits : 3044818


