মনে শক্তিই বড় শক্তি তারই আরো এক প্রমান রংপুরের উজ্জ্বল
রংপুরের উজ্জ্বল! হাত-পা থাকতেও অচল। মনে শক্তি থাকলেও পারেন না দাঁড়াতে। স্পষ্ট কথাও বলতে পারে না। শারীরিক এ অবস্থা নিয়ে এইচএসসি জয় করেছেন জোবায়ের হোসেন উজ্জ্বল। মুখ দিয়ে উত্তরপত্র লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫৮ নিয়ে পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
রংপুরের মিঠাপুকুর উপজেলার হযরতপুর গ্রামের জাহিদ সারোয়ার চাষির ছেলে উজ্জ্বল। তিন ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। নিজের সাফল্যে আত্মহারা অদম্য এই শিক্ষার্থী। হতে চান কম্পিউটার ইঞ্জিনিয়ার।
জানা গেছে, জন্মের পর থেকে বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তার বেড়ে ওঠা। নিজ বিছানাকে শ্রেণিকক্ষ বানিয়ে উজ্জ্বল মুখ দিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে পড়াশোনা করেন। শুধু তাই নয়, মুখ দিয়ে মোবাইল ফোন চালিয়ে অনলাইনে ক্লাসও করেছেন। উজ্জ্বলের এমন সাফল্যে খুশি তার পরিবার, কলেজের শিক্ষক ও পাড়া-প্রতিবেশীরা।
উজ্জ্বলের বাবা জাহিদ সারোয়ার বলেন, এসএসসি পাস করার পর উজ্জ্বলকে বালারহাট কলেজে ভর্তি করে দেই। করোনার কারণে অটো পাস দেওয়ার খবরে তার মন খারাপ ছিল। তার ইচ্ছা ছিল, পরীক্ষা দিয়েই সে এইচএসসির বাধা টপকাবে। পরে সশরীরে পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত শুনে সে দারুণ খুশি হয়েছিল।
তিনি আরও বলেন, বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অটোরিকশায় শুয়ে সে পরীক্ষা কেন্দ্রে যাওয়া-আসা করতো। পরীক্ষার হলে বিছানায় শুয়ে মুখ দিয়ে কলম চালিয়ে সবগুলো পরীক্ষা দিয়েছে উজ্জ্বল। সে পরিবারের বোঝা না হয়ে আত্মনির্ভরশীল হতে চায়। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
শিক্ষার্থী উজ্জ্বল বলেন, মুখ দিয়ে লিখতে আমার বেশ কষ্ট হয়। তবে সব প্রতিকূলতাকে হারিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই।
বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আলাউদ্দিন বলেন, বহুমাত্রিক প্রতিবন্ধী হওয়ার পরও লেখাপড়ার দিকে মেধাবী উজ্জ্বলের দারুণ আগ্রহ। সে যে ফল এনেছে, তা অনেক সাধারণ শিক্ষার্থীও করতে পারেনি।
তিনি আরও বলেন, পরীক্ষার কেন্দ্রে শুয়ে পরীক্ষা দেওয়ার জন্য বোর্ড থেকে অনুমতি নেওয়ার ব্যবস্থা করেছিলাম। আমরা চাই, প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সে জীবনে ভালো কিছু করুক।






Visit Today : 461
Visit Yesterday : 490
This Month : 13396
Hits Today : 2200
Total Hits : 3083857

