তবে কি অ্যাসাইনমেন্টেই এসএসসি-এইচএসসির মূল্যায়ন
দেশে করোনা পরিস্থিতি সহনীয় পর্যায়ে না এলে চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ায় মূল্যায়ন করা হবে। আজ শনিবার (২৮ আগস্ট) নারায়ণগঞ্জ পরিদর্শনে গিয়ে এ কথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।
অধ্যাপক গোলাম ফারুক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ১৮ বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার পর কলেজ খুলে দেওয়া হবে।
তিনি বলেন, তবে স্কুলের শিক্ষার্থীদের বয়স ১৮ এর নিচে হওয়ায় এ মুহূর্তে তাদের টিকার আওতায় আনা যাচ্ছে না, তাই স্কুল খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রী আগামী সপ্তাহে কারিগরি কমিটির সঙ্গে আলোচনায় বসবেন। তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে সরকারের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ে এসএসসি পরীক্ষা এ বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তিনটি বিষয়ে পরীক্ষার ভিত্তিতে, বাকি আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন হবে এসএসসি এবং জেএসসি পরীক্ষার বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে। আর যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে অ্যাসাইনমেন্ট ও বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। অথবা শুধু বিষয় ম্যাপিংয়ের মাধ্যমেও মূল্যায়ন হতে পারে।






Visit Today : 464
Visit Yesterday : 457
This Month : 12909
Hits Today : 1668
Total Hits : 3081213

