ঢাবি ‘খ’ ইউনিটে প্রতি আসনে লড়ছেন ৩৩জন এবং বুয়েটে পরীক্ষার্থী ১৭০০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ শনিবার (৪ জুন) সকাল ১১টা থেকে ১২.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৬৫জন। এ বছর এই ইউনিটটিতে আসন রয়েছে ১ হাজার ৭৮৮টি। এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবে প্রায় ৩৩ জন শিক্ষার্থী।

পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এদিন সকাল ১১.১৫টায় কলা ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

এর আগে, ভর্তি পরীক্ষা প্রথম দিনে শুক্রবার (৩ জুন) সকালে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে এবারে ভর্তিযুদ্ধ শুরু হয়।

সারাদেশে মোট ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। এবারে শিক্ষাবর্ষে ‘গ’ইউনিটে আসন সংখ্যা ছিল ৯৩০টি। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা আজ শনিবার (৪ জুন) অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ১৭ হাজার ৩৩ জনকে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুয়েট ক্যাম্পাসে দুই শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষাটি দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

Eadmin

Related post