ট্রান্সফরমেশন হচ্ছে শিক্ষাক্রম
শিক্ষাক্রম পরিবর্তন বা সংস্কার নয়, এর ট্রান্সফরমেশন হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৯ জুলাই) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্যের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘কমিউনিকেশন স্কিল, কোলাবরেশন স্কিল, প্রব্লেম সলভিং স্কিলসহ নানা রকমের স্কিল জানতে হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরোমের গবেষণা বলছে— সেকেন্ডারি স্কুলে কোলাবরেটিং প্রব্লেম সলভিং শেখানো হলে তা বিশ্ব অর্থনীতিতে ২ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলার যুক্ত করবে। আমরা মাধ্যমিক পর্যায় থেকে এটা শুরু করার চেষ্টা করছি। কিন্তু যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পার করে এসেছে তাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটা শেখাতে হবে।’
শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অর্থবহ করতে এবং এর সুফল সকল নাগরিকের কাছে পৌঁছাতে হবে। এজন্য শুধু সরকারকে নয়, সবাইকে একযোগে কাজ করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে যেন ধর্মের নামে কারও অধিকার ভুলুণ্ঠিত না হয়।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন থেকে নিজেদের মুক্ত রাখবেন। সাম্প্রদায়িতকার বিষবাষ্প যেন হৃদয়কে আচ্ছন্ন না করে।’
সমাবর্তনে মূল বক্তা ছিলেন জর্জিয়ার ককেশাস বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রেসিডেন্টস-এর বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. কখা শেঞ্জেলিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং আইএসি যুক্তরাজ্য-এর রেসিডেন্ট জাজ ও ফিনল্যান্ডের অনারারি কনসাল জুলিয়ান ফিলিপস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইউবিএটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জুবের আলিম।






Visit Today : 153
Visit Yesterday : 2096
This Month : 2249
Hits Today : 1157
Total Hits : 3042219

