এইচএসসির প্রশ্ন বাছাই-বিতরণে উপস্থিত থাকবে ইউএনও

প্রশ্নফাঁস ঠেকাতে এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় প্রশ্নপত্র বাছাই ও বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপস্থিত থাকতে হবে। একইসঙ্গে কেন্দ্র-সচিবদের ওপর আরও নজরদারি বাড়ানো হচ্ছে। এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে নানা অভিযোগের পর, এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নেবে ১২ লাখের বেশি পরীক্ষার্থী।

কিন্তু তার আগেই এসএসসি পরীক্ষার সময় প্রশ্ন ফাঁসের বিষয়টি ভাবিয়ে তুলেছে শিক্ষা বোর্ডকে। কুড়িগ্রামের ভুরাঙ্গামারীতে ৬টি বিষয়ের প্রশ্নফাঁসের ঘটনার তদন্তে উঠে এসেছে বাছাই ও বিতরণের সময় কেন্দ্র-সচিব প্রশ্ন সরিয়ে রাখেন।

এ সময় সংযুক্ত অন্য কর্মকর্তাদের দায়িত্বেও গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। এ অবস্থায় বোর্ড বলছে, এইচএসসি পরীক্ষার প্রশ্ন বাছাইয়ের সময় ইউএনওকে উপস্থিত থাকতে হবে।

এ ছাড়া কেন্দ্র সচিব প্রশ্নগুলো নেওয়ার সময়ও বাড়ানো হবে নজরদারি।

বোর্ড বলছে, ব্যবহারিক আছে এমন বিষয়গুলোর লিখিত পরীক্ষা হবে ৪৫ নম্বরের। আর ব্যবহারিকে ২৫ নম্বর। এ ছাড়া অন্য বিষয়গুলোর পরীক্ষা হবে ৫৫ নম্বরের। তবে প্রাপ্ত নম্বরকে ১০০তে গড় করে দেওয়া হবে ফলাফল।

পরীক্ষায় যাতে প্রশ্ন ফাঁস না হয় সেদিকে সর্বোচ্চ নজরদারির তাগিদ দিয়ে শিক্ষকেরা বলছেন, এখন থেকেই পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কঠোর নজরদারি রাখা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

Eadmin

Related post