ইন্টারনেট থেকে শিক্ষা গ্রহণের যোগ্যতা অর্জন করতে হবে : মন্ত্রী মোস্তফা জব্বার
ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের জন্য দক্ষ মানব সম্পদের প্রয়োজন রয়েছে। করোনাকালে বাংলাদেশ ই-লার্নিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছে। এখন কাগজবিহীন শিক্ষা কারিকুলাম তৈরি করতে হবে। সকলকে ইন্টারনেট থেকে শিক্ষা গ্রহণের যোগ্যতা অর্জন করতে হবে।
শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটউটে দুই দিনব্যাপী ‘Inclusive Higher Education: Bangladesh Context’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বিশেষ চাহিদসম্পন্ন শিশু বা প্রতিবন্ধীদের লেখাপড়া এবং দেখভালের দায়িত্ব সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া উচিত। এতে শিক্ষা মন্ত্রণালয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যুৎসই শিক্ষা কারিকুলাম এবং শিক্ষাসহায়ক পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, শিক্ষা ব্যবস্থাকে রূপান্তরের জন্য ডিজিটাল জ্ঞান অর্জন করতে হবে। স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, ডাইভার্স এশিয়া’র সমন্বয়কারী যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডেভিড ব্রাউন, জাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, আইআইটির পরিচালক এবং ডাইভার্স এশিয়া জাবি শাখার প্রধান অধ্যাপক ড. এম শামীম কায়সার প্রমুখ।







Visit Today : 67
Visit Yesterday : 262
This Month : 2425
Hits Today : 420
Total Hits : 3043312


