অটোপাসে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর ফলাফলে অবমূল্যায়ন হয়েছেঃ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
অবশেষে প্রতীক্ষার প্রহর ফুরালো সাড়ে ১৪ লাখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হলো আজ মঙ্গলবার। বেলা ১১টায় একযোগে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ফলাফল পাওয়া গেছে অনলাইনে। প্রতিবারের মতো সরকারপ্রধান বা প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা এবার ফল ঘোষণা করেন নাই। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রকাশ করেছেন।
বিগত বছরগুলোতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দিতেন। সেখান থেকে তিনি ফল প্রকাশের ঘোষণা দিতেন। এর পর শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অথবা সচিবালয় থেকে এইচএসসির ফলাফলের বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরতেন। এ প্রক্রিয়া এক রকম রীতি হয়ে উঠেছিল। এতে অনেক সময় ফল প্রকাশে দেরি হতো। সেই প্রক্রিয়া থেকে এবার বেরিয়ে এসে বোর্ডগুলোকে ফল প্রকাশের ঘোষণা দেওয়ার সুযোগ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার।
শিক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রক্রিয়ার কথা এবার বোর্ডগুলোকে জানানো হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, এবার ফল প্রকাশ হয়েছে কিছুটা ভিন্ন ধারায়। বোর্ডগুলো নিজ উদ্যোগে ফল প্রকাশ করেছে। একই সময়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান ফল পেয়েছে। 
উৎসুক সাড়ে ১৪ লাখ পরীক্ষার্থী
এবারের এইচএসসিতে অংশ নিয়েছে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী। এর মধ্যে ৯টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৮ হাজার ২৮১। এতে ছাত্র ৫ লাখ ৩৩ হাজার ৬৮০ ও ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন। আর আলিম পরীক্ষায় অংশ নেয় ৮৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ ও ছাত্রী ৪০ হাজার ৪৮৪ জন।
সেই সঙ্গে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা (কারিগরি) বোর্ডে চলতি বছর পরীক্ষার্থী ছিল ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এতে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯ জন ও ছাত্রী ৬৫ হাজার ৪২৪ জন।
ফল তৈরি করা হয় যেভাবে
মোট ১৩টি পরীক্ষার মধ্যে সাত বিষয়ে এ বছর পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। গণঅভ্যুত্থানের কারণে সময় নষ্ট হওয়ায় বাকি ছয়টি বিষয়ের পরীক্ষা শিক্ষার্থীদের দাবির কারণে বাতিল করা হয়। শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, এইচএসসি ও সমমানের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি, সে পরীক্ষাগুলোর নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে। আর অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোর ফল হবে খাতায় প্রাপ্ত নম্বর অনুসারে। অর্থাৎ বাংলা ১ম ও ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য়, পদার্থবিজ্ঞান ১ম ও ২য়, হিসাববিজ্ঞান ১ম ও ২য় ও আইসিটির মতো যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে খাতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফল হবে।
অন্যদিকে রসায়ন ১ম ও ২য় পত্র, অর্থনীতি ১ম ও ২য়, উচ্চতর গণিত ১ম ও ২য় এবং জীববিজ্ঞান ১ম ও ২য় পত্রের মতো যে বিষয়গুলোর পরীক্ষা স্থগিত ছিল পরে বাতিল হয়েছে, সেগুলোর ফল হয়েছে সাবজেক্ট ম্যাপিংয়ে। 
ফল পাওয়া যাচ্ছে যেভাবে
আজ ফল প্রকাশের দিন ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কলেজ ছুটি। দুর্গাপূজার যে ছুটি চলমান, তাও শেষ হয়নি। ফলে কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কম। সেদিক বিবেচনা করে অনলাইনে কীভাবে ফলাফল জানা যাবে, তা বিস্তারিত জানিয়েছে শিক্ষা বোর্ড।
সে অনুযায়ী, এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
অটোপাসে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর ফলাফলে অবমূল্যায়ন হয়েছে
এইচএসসি পরীক্ষায় সবাইকে পাস করাতে হবে, মর্মে কিছু শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল বাসসকে বলেছেন, অটোপাস দিলে বিপুল শিক্ষার্থী কৃতকার্য হওয়ার কারণে ফলাফল অবমূল্যায়িত হবে। কাজেই এ ধরনের দাবির কোনো যৌক্তিকতা দেখি না।





Visit Today : 308
Visit Yesterday : 262
This Month : 2666
Hits Today : 1668
Total Hits : 3044560
